আল্লাহ আমাদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দিনের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। প্রতিটি ওয়াক্তের নামাজের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে।
যদি আপনি নামাজের সঠিক নিয়ম না জানেন তবে আপনার নামাজ কবুল হবে না। এজন্য নামাজের নিয়ম জানা অত্যন্ত জরুরি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। (মুসলিম, হাদিস: ১৫৭৩)
ফজরের নামাজের নিয়ম
ফজরের নামাজের প্রথমে দুই রাকাত সুন্নত এবং পরে দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়।
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত:
আরবি-উচ্চারণ:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।
ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত:
আরবি উচ্চারণ:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সালাতিল ফাজরি ফরজুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।
ইমামের পিছনে নামাজ পড়লে “ফারজুল্লাহি তা’আলা” বলার পর “ইকতাদাইতু বিহা-যাল ইমাম” বলতে হবে।
ফজরের নামাজ পড়ার পদ্ধতি
প্রথমে দুই রাকাত সুন্নত:
নামাজ শুরু করার আগে অজু করে কিবলামুখী হয়ে দাঁড়াবেন এবং নিয়ত করবেন। এরপর আল্লাহু আকবার বলে তাকবিরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন। এরপর মনে মনে ছানা পড়বেন।
ছানা:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ
অর্থ:
হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি প্রশংসনীয়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা উচ্চে, এবং তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই।
এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। তারপর একটি ছোট সূরা পড়বেন (চুপচাপ)। এরপর রুকুতে যাবেন, তিনবার বা বিজোড় সংখ্যায় “সুবহানাল্লাহ রাব্বিয়াল আযিম” বলবেন। রুকু থেকে উঠে “সামি আল্লাহু লিমান হামিদা” বলে দাঁড়াবেন। এরপর সেজদায় গিয়ে “সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা” তিনবার বা বিজোড় সংখ্যায় বলবেন। এভাবে দ্বিতীয় রাকাত পর্যন্ত নামাজ আদায় করবেন। দ্বিতীয় রাকাতের শেষে আখেরি বৈঠকে বসে তাশাহুদ, দরুদ, এবং সালাম আদায় করবেন।
দুই রাকাত ফরজ:
সুন্নত নামাজের মতোই নিয়ম অনুসরণ করতে হবে, তবে ফরজ নামাজে সূরা ফাতিহা ও অন্যান্য সূরা উচ্চস্বরে পড়তে হবে।
ফজরের নামাজের সূরা
নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং বেহেশতের চাবি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা ফরজ, আর সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা মিলিয়ে পড়া ওয়াজিব। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজে নির্দিষ্ট সুরা বেশি পড়তেন, তবে শরিয়ত অনুযায়ী নামাজের জন্য কোনো সুরা নির্দিষ্ট করে নেয়া বৈধ নয়।
ফজরের নামাজে নবীজি সাধারণত দীর্ঘ কিরাত পড়তেন। ফজরের সুন্নত নামাজে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়া সুন্নত। জুমার দিন ফজরের ফরজ নামাজে প্রায়ই সুরা আস-সাজদা ও সুরা দাহর পড়তেন। এটি নবীজির সুন্নত থেকে প্রমাণিত একটি উত্তম আমল।
ফরজ নামাজের ক্ষেত্রে সুরা বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে, তবে তা শরিয়তসম্মত পদ্ধতিতে হওয়া উচিত।
ফজর নামাজের ওয়াক্ত কখন শুরু এবং শেষ?
ফজর নামাজের সঠিক সময়
- শুরু: ফজর নামাজের সময় শুরু হয় সুবহে সাদিকের (ভোরের সাদা রেখা) পর, অর্থাৎ আকাশে প্রথম আলোর উদ্ভবের পর।
- শেষ: ফজর নামাজের সময় সূর্যোদয়ের ঠিক আগে পর্যন্ত থাকে। সূর্য উদিত হওয়া মাত্রই ফজর নামাজের সময় শেষ হয়ে যায়।
তাহলে মূলত, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজর নামাজের সময় থাকে।
ফজরের উত্তম সময়
ফজরের উত্তম সময় হলো নামাজের শুরুতে, অর্থাৎ সুবহে সাদিকের পরপরই নামাজ আদায় করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“আমার উম্মতের জন্য ফজরের নামাজের প্রথম সময় উত্তম।” (তিরমিজি)
তবে, দেরি না করে যত দ্রুত সম্ভব ফজরের নামাজ আদায় করা উত্তম, কারণ দেরি করলে সূর্যোদয়ের আশপাশের সময় হয়ে যেতে পারে এবং নামাজের সময় শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
ফজরের সুন্নতের কাজা আদায়
যদি কখনো বড় ধরনের কোনো সমস্যার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তবে সুন্নতসহ চার রাকাত আদায় করতে হবে। অর্থাৎ, দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ। তবে এ কাজা নামাজ অবশ্যই সূর্য উদিত হওয়ার পর এবং জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আদায় করতে হবে।
ফিকহের কিতাব অনুযায়ী, যদি জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে ফজরের নামাজ কাজা আদায় করা হয়, তবে সুন্নতসহ চার রাকাত নামাজ পড়তে হবে। কিন্তু যদি জোহরের সময় শুরু হয়ে যায়, তাহলে কেবল দুই রাকাত ফরজ নামাজ পড়লেই যথেষ্ট হবে। সুন্নত নামাজের কাজা করা প্রয়োজন হবে না।
ফজরের নামাজে সুরা পাঠের বিধান
নামাজে সুরা ফাতিহা পাঠ শেষে অন্য একটি সুরা তিলাওয়াত করতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও দীর্ঘ সুরা ও কখনও সংক্ষিপ্ত সুরা পাঠ করতেন, কিন্তু অধিকাংশ সময় তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন।
ফজরের নামাজে বিশ্বনবির কিরাআত
ফজরের নামাজে তিনি ষাট থেকে একশ আয়াত পর্যন্ত তিলাওয়াত করতেন। তিনি উভয় রাকআতে সুরা কাফ, সুরা রূম, সুরা তাকভির, এবং সুরা যিলযাল পাঠ করেছেন। এছাড়া সুরা ফালাক ও সুরা নাসও পড়ার অভিমত রয়েছে।
জুমআর দিনে ফজরের কিরাআত
জুমআর দিনে ফজরের নামাজের প্রথম রাকআতে তিনি আলিফ-লাম-মিম সাজদা এবং দ্বিতীয় রাকআতে সুরা ইনসান পাঠ করতেন। এই সুরাগুলিতে সৃষ্টির সূচনা, আদম আলাইহিস সালামের সৃষ্টি, মুমিনদের জান্নাতে প্রবেশ এবং পাপীদের জাহান্নামে নিক্ষেপের আলোচনা রয়েছে।
জুমআর দিন সুরা পাঠের কারণ
সুরা দু’টির মাধ্যমে উম্মাতকে গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করিয়ে দেওয়া হয়, তাই রাসুলুল্লাহ (সা.) জুমআর দিনে ফজরের নামাজে সুরা দুটি পাঠ করতেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ফজিলতপূর্ণ সুরাগুলো তিলাওয়াত করার তাওফিক দান করুন। আমিন।
১০ পুরষ্কার ফজর নামাজের জন্য
ফজরের নামাজের গুরুত্ব যেমন নামাজের মধ্যে রয়েছে, তেমনি এর সময়েরও বিশেষ গুরুত্ব রয়েছে। কোরআনে সুরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, “শপথ ফজরের” (সুরা ফজর, আয়াত: ১)। ফজরের নামাজ পড়ার উপকারিতা:
১. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করে, সে যেন অর্ধেক রাত নফল নামাজ আদায় করল। আর যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সে যেন পুরো রাত জেগে ইবাদত করল” (মুসলিম, হাদিস: ১৩৭৭)।
২. রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, “ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম” (মুসলিম, হাদিস: ১৫৭৩)।
ফজর নামাজের পুরষ্কার
৩. তিনি বলেছেন, “যে ফজরের নামাজ আদায় করে, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হয়” (মুসলিম, হাদিস: ১৩৭৯)।
৪. রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে, সে জাহান্নামে যাবে না” (মুসলিম, হাদিস: ১৩২২)।
৫. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। তবে এ নামাজগুলোর ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো” (বুখারি, হাদিস: ৬৫৭)।
৬. খলিফা হজরত উমর ইবনে খাত্তাব (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) একবার বলেছিলেন, “আমি কি তোমাদের এমন একটি দলের কথা বলব না যারা খুবই উত্তম গণিমত নিয়ে দ্রুত ফিরে আসে? তারা হলো সেই দল, যারা ফজরের নামাজ জামাতে আদায় করে এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করে” (তিরমিজি: ৩৬৪১)।
ফজর নামাজ বিস্তারিত
৭. সাহাবি আনাস (রা.) বলেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের জন্য কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ রয়েছে” (ইবনে মাজাহ, হাদিস: ৭৮১)।
৮. ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, “ফেরেশতারা পালাবদল করে আসর ও ফজরের নামাজে একত্রিত হয় এবং তারা আল্লাহর কাছে বান্দাদের নামাজের খবর পেশ করে” (বুখারি, হাদিস: ৫৫৫)।
৯. জাবির বিন আবদুল্লাহ (রা.) বর্ণনা করেছেন যে নবী করিম (সা.) একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, “তোমরা যেভাবে চাঁদকে দেখছ, তেমনি তোমরা অচিরেই তোমাদের প্রতিপালককে দেখবে”।
১০. রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, “যখন কেউ ঘুমিয়ে পড়ে, শয়তান তার ঘাড়ে তিনটি গিঁট বেঁধে দেয়। যদি সে জেগে আল্লাহকে স্মরণ করে, একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি খুলে যায়, আর নামাজ পড়লে সব গিঁট খুলে যায়। সে তখন প্রফুল্ল মনে দিন শুরু করে, অন্যথায় সে আলস্যময় দিন শুরু করে” (বুখারি, হাদিস: ১১৪২)।
ফজরের নামাজের সময় এবং গুরুত্বের ভিত্তিতে, এই নামাজ মুসলিম জীবনে বিশেষ গুরুত্ব বহন করে, এবং এটি যথাসময়ে আদায় করা একজন মুসলমানের জন্য এক বিশাল সুযোগ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য।
ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ আমল
আয়াতুল কুরসি পাঠ করা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না।’ (শুআবুল ঈমান, হাদিস : ২৩৯৫)
আয়াতুল কুরসি:
আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যূম, লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়ামা ফিল্ আরদি, মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইজিনহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম্ মিন ইলিমহি ইল্লা বিমা শা-আ। ওয়াসিআ কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াঊদুহু হিফজুহুমা, ওয়াহুওয়াল আলিয়্যুল আজিম। (সুরা বাকারা, আয়াত : ২৫৫)
আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া
হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার নিম্নের দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৩৮৯)
দোয়াটি হলো:
রাজিতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামী দ্বিনাওঁ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা।
অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বিন হিসেবে ও মুহাম্মাদ (সা.)-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।
সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যা নিম্নের ইস্তিগফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে, তবে সে জান্নাতি হবে।’ (বুখারি, হাদিস : ৬৩০৬)
দোয়া:
আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, খালাকতানি, ওয়া আনা আব্দুকা, ওয়া আনা আলা আহিদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা’তু, আউজু বিকা মিন শাররি মা সানা’তু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগিফরুজ জুনুবা ইল্লা আন্তা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি আপনার গোলাম। আমি আপনার ওয়াদা-প্রতিশ্রুতির ওপর যথাসাধ্য আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আমার ওপর আপনার অনুগ্রহ স্বীকার করছি। আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না।
রোগব্যাধি থেকে রক্ষার দোয়া
রোগব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি (সা.) নিম্নের দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৫৪)
দোয়া:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সাইয়্যিল আসকাম।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে।
জাহান্নাম থেকে মুক্তির দোয়া
হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে।’ (আবু দাউদ, হাদিস : ৫০৭৯)
দোয়া:
আল্লাহুম্মা আজিরনি মিনান্ নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।
সুশৃঙ্খল জীবন যাপনে ফজর নামাজের গুরুত্ব
ফজরের নামাজ নিয়মিত আদায় করা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং ব্যক্তির দৈনন্দিন জীবনকেও শৃঙ্খলাবদ্ধ ও সফল করে। যারা ফজরের নামাজ পড়েন, তারা দিনের শুরুতেই আল্লাহর আনুগত্য প্রকাশ করেন, ফলে তাদের দিনটি শান্তি ও বরকত নিয়ে শুরু হয়। সকালে উঠে ফজরের নামাজ আদায় করলে শরীর ও মন উভয়ই সতেজ থাকে। এ কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছানো এবং কর্মজীবনে সফল হওয়া সহজ হয়।
শৈশব থেকেই যদি একজন ছেলে বা মেয়ে ফজরের নামাজে অভ্যস্ত হয়, তবে তার মধ্যে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার অভ্যাস গড়ে ওঠে। সে স্কুলে সময়মতো পৌঁছায় এবং সকালবেলা পড়াশোনায় বেশি মনোযোগী হয়। বাসার গৃহিণী যদি ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন, তবে তার কাজগুলোও সময়মতো ও বরকতময় হয়। তিনি পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করতে পারেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় সব কাজ সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হন।
ফজরের নামাজে নিয়মিত অভ্যস্তরা অনিদ্রার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন। আজকের শহুরে জীবনে অনিদ্রা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে উঠতি বয়সী ছেলে-মেয়েদের জন্য। ফজরের নামাজে অভ্যস্ত হলে নিয়মিত ঘুমের রুটিন তৈরি হয়, যা অনিদ্রার সমস্যা দূর করতে সহায়তা করে।
যে পরিবারে সকলে ভোরে ঘুম থেকে ওঠে, তারা সকালের খাবার একসঙ্গে খেতে পারে, যা পারিবারিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। পরিবারের প্রধান সদস্য তখন সবার খোঁজখবর নিতে পারেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন, ফলে পরিবারের একতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পায়।
কুরআন ও হাদিসে ফজরের নামাজের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, ফজরের নামাজে উপস্থিতির সময় ফেরেশতারা পালাবদল করে, আর তারা বান্দার নামাজকে আল্লাহর কাছে পেশ করেন। রাসুল (সা.) বলেছেন, ফজরের নামাজ আদায়কারী আল্লাহর নিরাপত্তার অন্তর্ভুক্ত থাকে এবং যারা এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করে, তাদের সওয়াব খুবই বেশি।
ফজরের নামাজ শুধু আত্মিক শান্তি নয়, এটি দৈনন্দিন জীবনকে সফল ও সুশৃঙ্খল করার অন্যতম উপায়।
উপসংহার
ফজরের নামাজ নিয়মিতভাবে আদায় করা উচিত, যাতে কাজা করার প্রয়োজন না হয়। তবে যদি কোনো বৈধ কারণ বা ভুলবশত নামাজ কাজা হয়ে যায়, তাহলে ফিকহের নির্দেশনা মেনে দ্রুত তা আদায় করে নেওয়া উচিত।
FAQ’s on ফজর নামাজ
প্রশ্ন: ফজরের ফরজ নামাজ কাজা হয়ে গেলে কি সুন্নতসহ চার রাকাত নামাজ আদায় করতে হবে, নাকি কেবল ফরজ দুই রাকাত নামাজ পড়লেই চলবে?
উত্তর: প্রথমত, নামাজ কাজা করা মোটেও উচিত নয়। আল্লাহ তাআলার বিধানের প্রতি অলসতা বা অবহেলা প্রদর্শন বান্দার জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে যদি কোনো জরুরি কারণে নামাজ কাজা হয়ে যায়, তাহলে অবশ্যই তা দ্রুত আদায় করা উচিত।
প্রশ্ন: ৫ ওয়াক্ত নামাজ মোট কত রাকাত ফরজ?
উত্তর: ৫ ওয়াক্ত নামাজে মোট ১৭ রাকাত ফরজ রয়েছে।
প্রশ্ন: সূর্য উঠার ২ মিনিট আগে ফজরের নামাজ পড়া যাবে কি?
উত্তর: না, সূর্য উঠার আগে পর্যন্তই ফজরের ওয়াক্ত থাকে। সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়।
প্রশ্ন: এশার নামাজ মোট কত রাকাত?
উত্তর: এশার নামাজের মোট রাকাত হলো ১৩। এর মধ্যে ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত মুয়াক্কাদা, ২ রাকাত নফল, ৩ রাকাত বিতর ওয়াজিব, এবং ২ রাকাত নফল।
প্রশ্ন: ফজরের ওয়াক্ত শুরু হয় কখন থেকে?
উত্তর: ফজরের ওয়াক্ত ফজরের সাদা রেখা (সুবহে সাদিক) দেখা দেওয়ার সঙ্গে শুরু হয় এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত থাকে।
